বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ তারিখ ঠিক করেন।
এদিন মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী আবদুল হান্নান ভূঁইয়া হাজিরা দেন।
এ ছাড়া মামলাটির অন্যতম আসামি সেলিম ভূঁইয়ার পক্ষে সময় আবেদন করা হয়। পরে বিচারক আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। গত ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ আট আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেয়।