বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার রাতে দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরে বিজয়পুর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৭) ও শরীয়তউল্লাহর ছেলে খাজা মইনুদ্দীন (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত শনিবার রাতে বাড়াদি সীমান্ত দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে বিজয়পুর সীমান্ত এলাকায় প্রবেশ করলে গুলি ছোড়েন গোবিন্দপুর ৩২ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজেদুর রহমান ও খাজা মইনুদ্দীন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য

কৃষ্ণগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম জানান, নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানকে ফোন করেও সাড়া পাওয়া যায়নি।