সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ভারত ও রাশিয়ান যোদ্ধাদের

মহান বিজয় দিবস উপলক্ষে আগত ভারতীয় এবং রাশিয়ান যোদ্ধারা সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে তারা এই সাক্ষাৎ করেন। এ সময় সেনাবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধা ভারতীয় মিত্রবাহিনীর সব সদস্যদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে প্রতিনিধি দলের প্রধান আবেগভরে স্মৃতি রোমন্থন করেন। একইসঙ্গে অভ্যর্থনা ও সম্মান প্রাপ্তির জন্য বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন।

এর আগে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদল ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আইএসপিআর