মাদকসেবীর ছুরিকাঘাতে দিনমজুরের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে ইয়াবাসেবীদের ছুরিকাঘাতের ৯ দিন পর আহত দিনমজুর মুহাম্মদ মকছুদ (৪৩) এর মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ইয়াবা সেবন করে নারীদের শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় গত ৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহতের ভাই মোস্তাক আহমদ বলেন, ৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় বাড়ির উঠানে ইয়াবা সেবন করে নারীদের শ্লীলতাহানি করার ঘটনায় বাধা দিলে আমার ভাই মকছুদকে ছুরি দিয়ে আঘাত করে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী তারেক, ফারুক, আজগর আলী, এহসানসহ তাদের লোকজন। ওই ঘটনায় মহেশখালি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করি। সেই মামলার কোনো আসামিকে এখনো পুলিশ গ্রেপ্তার করেনি। এরই মধ্যে রবিবার রাতে চমেকে আমার ভাই মারা গেছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার মরদেহ মহেশখালীতে আনা হবে। এরপর হত্যাচেষ্টা মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করতে মহেশখালী থানাতে যোগাযোগ করব।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, নিহত মকছুদ যখন আহত ছিল তখন নিহতের ভাই মোস্তাক আহমদ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে মামলা করেছিল। ওই মামলার আসামিরা পলাতক থানায় তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

তিনি আরও বলেন, আহত দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে চমেকে মারা গেছেন। এখন আগের মামলাটিকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।