টাঙ্গাইলের কালিহাতীতে আনছের আলী নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত নাতির বিরুদ্ধে। রবিবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার সৌরভপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনছের আলী ওই এলাকার মৃত নালু শেখের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ফারুক হোসেন ও নাতি মফিজুল পলাতক আছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় আনছের আলীর সাথে তার ছেলে ও নাতির ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে দাদার মাথায় দা দিয়ে আঘাত করে নাতি মফিজুল। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।