কেরানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪, আহত ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট ছয়জন দগ্ধ ও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কুন্ডা ইউনিয়নের কাউটাইল ঋষিপাড়া এলাকার একটি চারতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)।

আর আহত দুজন হলেন প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০) ও স্বপন রাজবংশী (৫৫)।

উমা রানীর নাতনি জ্যোতি দাস জানান, চারতলা বাড়িটি তাদের নিজেদের। নিচতলায় থাকেন উমা রানী এবং তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে উমা রানী রান্নার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেশলাই জ্বালাতে বিকট বিস্ফোরণ হয়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর বাসার দেয়াল কিছু অংশ ভেঙে পড়ে যায়। ঘটনার আঁচ পেয়ে তারা দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেন।

এদিকে আহত লিপি চক্রবর্তীর ছোট ভাই সৌরভ আচার্য জানান, লিপির বাসা ওই বাড়ির পাশেই। সকালে যখন বাড়িটিতে বিস্ফোরণ হয় তখন সেখান থেকে দেয়ালের ইট এসে লিপির মাথায় লাগে। আর স্বপন রাজবংশি পেশায় ঝালমুড়ি বিক্রেতা। থাকেন ওই এলাকাতেই। সকালে ওই বাড়ির পাশের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন। তখন বিস্ফোরণে ইট এবং শাটার ভেঙে এসে তার মাথায় পড়ে।