স্বাধীনতা কাপ ২০২৩

প্রথমার্ধটা শেষ হলো গোল শূন্যে

সোমবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাধীনতা কাপের ফাইনালের প্রথমার্ধ্বে গোল পায়নি কোন দল।  নিম্নমানের মাঠে স্বাভাবিক খেলা বিঘ্নিত হয়েছে খুব করে। উচু-নিচু মাঠের চ্যালেঞ্জ মোকাবেলা করে অবশ্য মোহামেডানের রক্ষণে বারবা হামলা চালায় বসুন্ধরা কিংস। এই অর্ধ্বে দুই-তিনটি ভালো সুযোগও পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। সেগুলো কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা।

ম্যাচের ১৪ মিনিটে সাদউদ্দিনের আড়াআড়ি পাস পেয়ে বক্সের অনেক বাইরে থেকে ডানপায়ের জোড়ালো শট নিয়েছিলেন কিংস কোচ রবসন রবিনহো। মোহামেডান কিপার সুজন সেটা রুখে দেন কোন মতে। ২১ মিনিটে ইমানুয়েল সানডের কাটব্যাকে বক্সের বাইরে থেকে মোজাফফরভেরে বাঁকানো শট পোস্টের অনেক দূর দিয়ে যায়।
৩০ মিনিটে বিশ্বনাথ ঘোষের সঙ্গে বল দখলের লড়াইয়ে সুলেমান দিয়াবাতে বক্সের ভেতরে পরে গেলে পেনাল্টির দাবি করেছিল মোহামেডান। তবে রেফারি তাতে গায়ে মাখেননি। ম্যাচের ৩৮ মিনিটে দারুণ সুযোগ হেলায় হারান ডরিয়েলটন গোমেজ। সোহেল রানার নিঁখুত সেট আপ খুজে নিয়েছিল আনমার্কড ডরিকে। তবে এই ব্রাজিলিয়ান এলোমেলো হেডে সুযোগ নষ্ট করেন।