নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ‘নৌকা’ প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদ সদস্য শামীম ওসমান। পিতার পক্ষে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়ন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। এসময় বাবা শামীম ওসমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন পুত্র ইমতিনান ওসমান অয়ন। প্রতীক বরাদ্দ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর মুর্যলের সামনে উপস্থিত হন দলীয় নেতাকর্মীরা।
প্রতীক গ্রহণ করে অয়ন ওসমান বলেন, ‘কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় রুখতে পারবে না।’
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি এম সাইফউল্লাহ বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে একেএম শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৭ জন প্রার্থী। তারা হলেন, মো. সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ), মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি), মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি) ও গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)।