টাঙ্গাইলের মির্জাপুরে মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ গজারি গাছর ডাল ও বাঁশের লাঠি নিয়ে নৌকার বিরুদ্ধে ভোটকেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এসময় স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু গজারি গাছের ডাল ও বাঁশের লাঠি বানিয়ে রাখার আহ্বান জানান। নৌকার সমর্থকরা কিছু করতে গেলে ওদের ছাড় দেওয়া হবে না।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী সমাবেশে বক্তৃতায় তিনি একথা বলেন।
সোমবার বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চার নেতা যোগ দেন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামী লীগরে সদস্য মেজর (অব) ড. খন্দকার আব্দুল হাফিজ, জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি।
বর্তমান এমপি খান আহমেদ শুভকে বহিরাগত উল্লেখ করে মীর শরীফ মাহমুদ বলেন, মির্জাপুর বর্তমানে মাদকে ভরে গেছে। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণ মীর এনায়েত হোসেন মন্টুকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থন করেছে। মির্জাপুরের মানুষ মির্জাপুরের প্রার্থীকে ভোট দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ, এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি।