মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। জাপান ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে, সোমবার (১৮ ডিসেম্বর) পিয়ংইয়ংয়ের নিকটবর্তী উত্তরাঞ্চলের পূর্ব উপকূলীয় এলাকা থেকে সমুদ্রের দিকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছুড়ে উত্তর কোরিয়া, যা যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। 

মার্কিন নেতৃত্বাধীন সামরিক শক্তি প্রদর্শনকে ‘পরমাণু যুদ্ধের পূর্বরূপ’ আখ্যা দিয়ে নিন্দা জানানোর কয়েক ঘণ্টা পরই দ্বিতীয় এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে পিয়ংইয়ং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জাপানের সংসদীয় প্রতিরক্ষা উপমন্ত্রী শিঙ্গো মিয়াকে বলেছেন, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার উড়েছিল। ধারণা করা হচ্ছে এটি ১৫ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সক্ষম। এর মানে ক্ষেপণাস্ত্রটি জাপান ও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো  স্থানে আঘাত হানতে পারবে।

অপরদিকে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী কাজ বলে অভিহিত করেছে। পাশাপাশি এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ ‘পারমাণবিক প্রতিরোধ’ কার্যকর অভিযান আপগ্রেড করার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

এর আগে রবিবার রাতে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া, যা প্রায় ৫৭০ কিলোমিটার উড়ে সমুদ্রে গিয়ে পড়ে। একইদিন দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিন প্রবেশসহ কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বাহিনীর সামরিক শক্তি প্রদর্শনকে ‘পরমাণু যুদ্ধের পূর্বরূপ’ আখ্যা দিয়ে এর নিন্দা জানায় পিয়ংইয়ং।