গাজীপুরের কালিয়াকৈরে খাবার খাওয়ার পর একই পরিবারের সাতজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) উপজেলার নাবিরবহ জানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অসুস্থরা হলেন— কালিয়াকৈর উপজেলার নাবিরবহ জানপাড়া এলাকার আবুল কালাম (৫০) ও তার স্ত্রী খাদিজা বেগম (৪৫), তাদের সন্তান সাদিয়া আক্তার (২০), সাথী আক্তার (১৮), আবুল কালামের শাশুড়ী শাহিদা বানু (৬৫), মুখলেছুর রহমান (৩০) ও তার স্ত্রী সুর্বণা আক্তার (১৮)।
এলাকাবাসী ও পারিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার নাবিরবহ জানপাড়া এলাকার আবুল কালামের বাড়িতে সোমবার সকালের খিচুড়ি রান্না করা হয়। পরে পরিবারের সবাই মিলে ওই রান্না করা খিচুড়ি খান। ওই খাবার খাওয়ার পর একে একে সাতজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলাকাবাসী। সেখানে তাদের অবস্থার অবনতি হলে অসুস্থদের টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়।
অসুস্থ মুখলেছুর রহমানের শশুর সাইফুল ইসলাম জানান, খাবার খাওয়ার পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বাড়িতে থাকা পানির ট্যাঙ্কিতে সাদা সাদা পাউডারের দানা পাওয়া গেছে। তাই ধারনা হচ্ছে, রাঁতের যে কোন সময় ওই পানিতে কেউ বিষাক্ত কিছু মিশিয়ে দিতে পারে।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা জানান, ওই ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।