ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে, সেটা দেশের জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোই ঠিক করবে। বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে মূল্যায়নের অধিকার কাউকে দেওয়া হয়নি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জহুর হোসেন চৌধুরী স্মারক বক্তৃতা ২০২৩–এ এক প্রশ্নের জবাবে পঙ্কজ সরন এসব কথা বলেন।
বাংলা দৈনিক ভোরের কাগজ ‘বাংলাদেশ–ভারত প্রতিবেশী দেশের সম্পর্কের রোল মডেল’ শীর্ষক ওই বক্তৃতার আয়োজন করে। আলোচনার সঞ্চালক ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
পঙ্কজ সরন বলেন, প্রতিটি দেশের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ সেটা আমি জানি। প্রতিটি দেশেরই নিজস্ব পদ্ধতি ও প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের নির্বাচনের জন্য ভালো পন্থা কোনটা, সেটা বাংলাদেশের জনগণের ঠিক করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, যেসব ব্যক্তি আমাদের গণতন্ত্র শিখিয়েছেন, তারা সর্বদা আফগানিস্তানে গণতন্ত্র বা আফগানিস্তানে অবাধ নির্বাচনের কথা বলবেন। ভারত বলবে, দেখুন, আমরা একটি গণতন্ত্র। আমরা আমাদের গণতন্ত্র রপ্তানি করছি না। আমরা এটা স্বীকার করি যে প্রতিটি দেশের নিজস্ব পদ্ধতি আছে, প্রক্রিয়াও আছে।
পঙ্কজ সরন বলেন, আপনাদের প্রতিষ্ঠান আছে, আপনাদের গণমাধ্যম আছে, আপনাদের সবকিছুই আছে। আপনারা যথাসাধ্য করে যান, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং নির্বাচনে যে ফলাফল আসবে, তা মেনে নিন।