আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে জি এম কাদেরের হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়েছে।
হোয়াটসঅ্যাপে দেওয়া হুমকিতে বলা হয়েছে, 'ঢাকা ১৮ তে এবং রংপুরে আশা করি সাবধানতার সাথে প্রচার কার্য চালাবেন। হয়তোবা নির্বাচনের আগেই আপনার স্ত্রী এবং আপনার সাথে আজরাইলের দেখা হতে পারে। তবে নির্বাচন থেকে সরে আসলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে। ২৭৪টি আসনে জয়ী করে দেবার শর্তে মাত্র ২৬টি আসনে জয়ী হয়ে দেশটাকে কারাগার বানানোর পরিণাম মোটেও ভালো হবে না। আমরা আর্মি থেকে প্রশিক্ষিত'।
বিষয়টি দেশ রূপান্তরকে আজ মঙ্গলবার রাতে জানিয়েছেন জি এম কাদের পরিবারের এক সদস্য। তিনি জানান, এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে যে নম্বর থেকে হুমকি দেওয়া হয় এবারও একই নম্বর থেকে হুমকি পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান।
আব্দুল হান্নান জিডিতে জানিয়েছিলেন, ‘গত ১৩ ডিসেম্বর দিবাগত রাত ৪টা ৩ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি জি এম কাদেরের ব্যক্তিগত মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন। হত্যার হুমকিদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে জি এম কাদেরকে বিরত থাকতে বলেছেন।’