গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশি করে ওই ইয়াবা উদ্ধার করেছেন।
গ্রেপ্তারকৃত হলেন চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আবদুল জলিলের ছেলে সাইফুল ইসলাম (৫৯)। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে প্রবেশ করতে যান। এ সময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করেন। পরে তার ইউনিফর্মের প্যান্টের ডান পকেটে ৩০০ পিস ইয়াবা পান। পরে তাকে আটক করে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনাবাড়ী থানার ওসি জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।