প্রতীক বরাদ্দ পাওয়ার পর গাজীপুরের পাঁচটি আসনের তিন স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে শোডাউন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হন তিনি। এরপর দুপুর সোয়া ১২টায় তিন স্বতন্ত্র প্রার্থী নিয়ে রাজবাড়ী মাঠে উপস্থিত হন।
স্বতন্ত্র তিন প্রার্থী হলেন গাজীপুর-১ আসনের রেজাউল করিম রাসেল, গাজীপুর-২ আসনের কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর-৫ আসনের ঢাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান। এ সময় জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে রাজবাড়ী মাঠ থেকে শিববাড়ী পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে নেতাকর্মীসহ শোডাউন করেন। বিকেলে কালিগঞ্জ উপজেলার বাড়িয়া ইউনিয়নে একটি রিসোর্টে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। জাহাঙ্গীর বলেন, আজকে সব আওয়ামী লীগ একসঙ্গে হয়েছে। যারা রক্তের আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের জন্য যারা জীবন দেয়, এরাই একসঙ্গে হয়েছে। প্রধানমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগটা আগামী ৭ জানুয়ারি আমরা কাজে লাগাতে চাই।