শিক্ষক সমিতির আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নিয়োগ বোর্ডের কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে নেমেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এদিন টানা অবস্থান কর্মসূচির কারণে নিয়োগ প্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে এলেও নিয়োগ বোর্ড স্থগিত করে প্রশাসন। অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, পরিকল্পনা কমিটির সিদ্ধান্তে পর্যাপ্ত ক্লাসলোড না থাকায় শিক্ষক নিয়োগের প্রয়োজন নেই বলার পরও নিয়োগ বোর্ড বসানোর কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। এ নিয়মবহির্ভূত নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষক সমিতির তরফ থেকে চিঠি দেওয়া হলে উপাচার্য চিঠিটি গ্রহণ করেননি।