চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ১২০ নিহত ও ২২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধসে পড়েছে বেশ কিছু ভবন, চলছে উদ্ধার কাজ। তবে প্রচণ্ড শীতে উদ্ধারকাজ ধীর গতিতে হচ্ছে।
স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর পরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। খবর বিবিসি ও রয়টার্সের।
দ্য ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬.১ মাত্রার। এটির উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, ভূ–পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৫.৯ মাত্রার। আর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের পর কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর পরই উদ্ধারকাজ শুরু হয়েছে।