হেটমায়ার বাদ, বিশ্রামে জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের দল থেকে শিমরন হেটমায়ারকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পেসার আলজারি জোসেফকে দেওয়া হয়েছে বিশ্রাম।

গত কয়েক সপ্তাহ ধরে ফর্মের খোঁজে আছেন হেটমায়ার। ক্যারিবিয়ান বিধ্বংসী এই ব্যাটসম্যান ইংলিশদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে করেন স্রেফ ১ ও ২ রান। তৃতীয় ম্যাচে তাকে একাদশে বাইরে রাখে দলটি। এবার দল থেকেই বাদ পড়লেন।

তার জায়গায় দলে নেওয়া হয়েছে জনসন চার্লসকে। গত অগাস্টে ক্যারিয়ারের ৪৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবশেষটি খেলেছেন এই ব্যাটসম্যান।

আগামী মাসে অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে জোসেফকে বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে। ওই সফরে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। আগামী ১৭ জানুয়ারি শুরু সফরটি।

জোসেফের জায়গায় ইংলিশদের বিপক্ষে দলে নেওয়া হয়েছে ওশেন থমাসকে। পাঁচ ম্যাচের সিরিজটিতে এখন ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।