দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে। এসব এলাকায় ভোরে কুয়াশা ও রাতে তীব্র শীত পড়ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আজ শ্রীমঙ্গলে ১০.৭, চুয়াডাঙ্গায় ১১.০, বদলগাছীতে ১১.৫, যশোরে ১১.৬, রাজশাহী ও ঈশ্বরদীতে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে আজ রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার এই অবস্থা আগামীকাল বুধবার একই থাকতে পারে; পরশু সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।