দগ্ধ অরিত্রী মারা গেছে

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে দগ্ধ ৬ বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অরিত্রী চক্রবর্তী নামে ওই শিশু আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টার সময় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অরিত্রী বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে। স্থানীয় একটি বিদ্যালয়ে এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিল তার।

পারিবার সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় পূজার আসনে দেওয়া মোমবাতি থেকে কাপড়ে আগুন লেগে দগ্ধ হয় অরিত্রী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ভোরে অরিত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।