ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করে সবার নজর কেড়েছিলেন ট্রাভিস হেড। স্বাগতিকদের হারিয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়ে রেখেছিলেন সবচেয়ে বড় ভূমিকা। তখনই আভাস ছিল, এবারের আইপিএল নিলামে লড়াই হবে এই অস্ট্রেলিয়ানকে নিয়ে। হয়েছেও তাই।
২ কোটি রুপি ভিত্তিমূল্যের হেডকে পেতে দাম হাঁকায় চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই ফ্র্যাঞ্চাইজির অনেকটা সময়ের লড়াই শেষে গত আসরের চ্যাম্পিয়নদের হারিয়ে অস্ট্রেলিয়ান আগ্রাসী বাঁহাতি ব্যাটসম্যানকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে দলে যোগ করে হায়দ্রাবাদ।
হেডের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লড়াইয়ে জিতে ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যানকে ৭ কোটি ৪০ লাখ রুপিতে দলে নেয় আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। পাওয়েলের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি।
ইংলিশ বিস্ফোরক ব্যাটসম্যান হ্যারি ব্রুককে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারকে ৪ কোটিতে কিনেছে দলটি।
নাম উঠলেও অবিক্রিত রয়েছেন গেছেন স্টিভেন স্মিথ ও রাইলি রুশো। অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যানের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। দক্ষিণ আফ্রিকান রুশোও আছেন একই ক্যাটাগরিতে।