জামিনে বেরিয়েই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হাত-পা ভাঙলেন

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়ইগ্রাম) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠতে না উঠতেই শুরু হয়েছে একের পর এক হামলার ঘটনা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে জামিন থেকে বের হয়েই স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নাজিরপুর বাজারের শরিফুল ইসলাম ও সিরাজুল ইসলাম (৩৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

জানা যায়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে নৌকা প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন প্রয়াত সংসদ সদস্যের ছেলে আসিফ আব্দুল্লা বীন কুদ্দুস শোভন। গত ১৭ই ডিসেম্বর সন্ধায় শোভনের একটি কর্মী সভা হচ্ছিল নাজিরপুর বাজারে। সেই কর্মী সভায় যোগ দিতে নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন শাহ আসছিলেন। পথিমধ্যে ইউনিয়ন পরিষদের সামনে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় ইউপি সদস্য আলমের নেতৃত্বে। এ ঘটনায় একটি মামলা করা হয়। মঙ্গলবার অভিযুক্ত আসামিরা জামিনে বেরিয়েই গোডাউন মোড়ে শরিফুল ইসলাম ও সিরাজুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই শরিফুলের বাম পা ভেঙে যায় এবং সিরাজুল ইসলামের ডান পা ও বাম হাত ভেঙে যায়।

নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী প্রামানিক মোবাইল ফোনে বলেন, ‘ইউপি সদস্য আলম তার সমর্থক না। আহত শরীফুল ইসলামের সাথে আলমের পূর্ব শত্রুতা থাকতে পারে। এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার সুযোগ নেই। অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় আনা হোক।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন জানান, ‘আগের ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আজকের ঘটনাও তদন্ত করে অভিযুক্তদের নামে নিয়মিত মামলা করে দ্রুত গ্রেপ্তার করা হবে।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার জানান, ‘খবর পেয়ে ঘটনস্থালে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।’

স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বীন কুদ্দুস শোভন বলেন, ‘তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কর্মী সমর্থকদের ভয় দেখানোর জন্য একের পর এক হামলা চালানো হচ্ছে। প্রশাসনের কাছে সঠিক পদক্ষেপ কামনা করছি।’

এ বিষয়ে বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মোবাইল ফোনে বলেন, ‘তার কোনো সমর্থক এমন কোনো কাজ করতে পারেন না। তাছাড়াও এমন ঘটনা তিনি এখন পর্যন্ত শুনেননি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানায়।’