কয়েক ঘণ্টা ধরে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের (আইপিএল) নিলাম চলছে। তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চোখ পেসার মোস্তাফিজুর রহমানের ওপর। নিলামের একেবারে শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে তার নাম তোলা হয়, সেখানে প্রথম ডাকেই ফিজকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ভিত্তি মূল্য ২ কোটি রুপিতেই মহেন্দ্র সিং ধোনির দল তাকে কিনে নিয়েছে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার পেসারকে অভিনন্দন জানিয়েছে চেন্নাই।
বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজকে 'ফিজ' নামে ডেকে থাকেন অনেকে। চেন্নাই সুপার কিংস তাদের ফেসবুক পেজে নতুন বিশেষণ দিয়েছেন তার- মুজ। সংগে কিংবদন্তীর পিয়ানো সুরস্রষ্টা মোজার্টের নামের সঙ্গে নাম মিলিয়ে চেন্নাই লিখেছে, 'মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগতম, রহমান (মোস্তাফিজুর রহমান)।'
এছাড়া চেন্নাই অধিনায়ক ধোনির সঙ্গে মোস্তাফিজের জাতীয় দলের একটি মুহূর্তও শেয়ার করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে বাংলাদেশ-ভারত ম্যাচের একটি দৃশ্য দেখা যায়। ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মোস্তাফিজুর রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দেন ধোনি। ওই ঘটনা নিয়ে তখন কম বিতর্ক হয়নি। সেই ভিডিও শেয়ার দিয়ে চেন্নাই লিখেছে, 'ফ্রম কলিশন টু কোয়ালিশন'। দুজনের দ্বৈরথ এখন আন্তরিক সম্পর্কে রূপ নেওয়ার আভাসই যেন দিয়ে রাখল দলটি।