টাঙ্গাইলের ঘাটাইলে খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত রিফাত তালুকদার (১৯) উপজেলার সরাশাক গ্রামের হেলাল তালুকদারের ছেলে।
এ ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঘাটাইল উপজেলার সরাশাক গ্রামের স্থানীয় আব্দুল লতিফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যান রিফাত তালুকদার (১৯)। খেলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মো. রবিন ও তার অন্যান্য সঙ্গীদের সঙ্গে। রিফাত কথা না বাড়িয়ে স্কুল মাঠ থেকে চলে গিয়ে স্কুলের পাশের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন।
এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় সরাশাক গ্রামের মো. রবিন (২৬), মো. আবিদ (২২), মো. আজমীর ও শাহপরান (২০)। এতে রিফাত গুরুতর আহত হয়। খবর শোনে রিফাতরে ভাই ইমন ও আব্দুল্লাহ এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রিফাত ও আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। টাঙ্গাইল হাসপাতালে রিফাতের অবস্থার অবনতি হলে শনিবার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। মেডিকেলের আইসিওতে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার বিকেলে মারা যান। ঘটনার দিনই ঘাটাইল থানায় নিহত রিফাতের ভাই ইমন তালুকদার বাদী হয়ে মামলা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার বিকালে ঘটনার সঙ্গে জড়িত জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে।