ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (২০ ডিসেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ দেশের নদী অববাহিকায় ভোর ৫টা থেকে পরবর্তী তিন থেকে চার ঘণ্টা মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও তার থেকে কমে যেতে পারে। এসময় নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অরিবর্তিত থাকতে পারে।