আমির খানের ‘থ্রি ইডিয়টস’-এর থেকে একশো গুণ ভালো শাহরুখ খানের ‘ডানকি’—কিছুদিন আগে জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার এমন মন্তব্য নিয়ে বি-টাউনের অন্দরে চর্চা শুরু হয়েছিল। তবে সেসব কথায় কান না দিয়ে ‘ডানকি’ টিমকে ‘ব়্যাঞ্চো’ স্টাইলে শুভেচ্ছা জানালেন আমির খান।
২০০৯ সালে রাজকুমার হিরানির পরিচালনায় ‘থ্রি ইডিয়টস’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। বলিউডে সেই পরিচালকের ২০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাতে ভুললেন না আমির। তার উপর রাত পোহালেই মুক্তি পাচ্ছে প্রিয় বন্ধু রাজুর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’, যেখানে আবার অভিনয় করছেন শাহরুখ খান। তার সঙ্গেও বেশ সুসম্পর্ক আমিরের। কিছুতেই যেন উত্তেজনা বাঁধ মানছে না তার! ‘ব়্যাঞ্চো’র ভিডিও বার্তাতেই ধরা পড়ল সেই উন্মাদনা।
রাজকুমার হিরানিকে শুভেচ্ছা জানিয়ে আমিরের মন্তব্য, আমার অন্যতম প্রিয় পরিচালক রাজু ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করে ফেলল। শাহরুখ আর তুমি একসঙ্গে ‘ডানকি’তে যে ম্যাজিক তৈরি করেছো, সেটা দেখার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। অসংখ্য শুভেচ্ছা তোমাদের। সাফল্য তোমার পায়ে লুটিয়ে পড়ুক। কারণ তুমি গুণীর কদর করতে জানো। অনেকটা ভালোবাসা।
‘ডানকি’ পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন তার ‘সাঞ্জু’ অভিনেতা রণবীর কাপুরও। ভিডিও বার্তায় ‘অ্যানিমেল’ তারকা বলেন, সিনে ইন্ডাস্ট্রিত আপনার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি হলফ করে বলতে পারি আপনার মতো আরেকটা ভালো মানুষ হয় না- এতটা বিনম্র, ভালো, কঠোর পরিশ্রমী।
আর ‘ডানকি’র ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’কে বাহবা দিয়ে শাহরুখের মন্তব্য, আপনার সিনেমা দেখেই এই প্রজন্ম বড় হয়েছে। সে ‘মুন্না ভাই’, ‘পিকে’ হোক কিংবা ‘থ্রি ইডিয়টস’, লিস্ট আরও লম্বা…।