ছবি তুলতে গিয়ে মালাইকার কোমরে ভক্তের হাত, যা করলেন অভিনেত্রী 

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ছবি তুলতে গিয়ে বেসামাল কাণ্ড ঘটিয়ে ফেলেন এক অনুরাগী। ভক্তের ছবির চাহিদা পূরণ করতে সম্মুখীন হলেন অস্বস্তিকর পরিস্থিতির। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যালে ভাইরাল হয়েছে। যেখানে মালাইকার কোমরে হাত দিয়ে বসে আছেন এক অনুরাগী। যদিও গোটা ব্যাপার বেশ শান্তভাবে সামলাতে দেখা গেল মালাইকাকে।

সম্প্রতি রিয়ালিটি শো ‘ঝলক দিখলা যা’র সেটে ঘটনা ঘটে। শুটিংয়ে যাওয়ার আগে ক্যামেরাম্যানের সামনে লাল শাড়ি পরে পোজ দিচ্ছিলেন মালাইকা। আচমকা এক অনুরাগী ছবি তুলতে এগিয়ে আসেন। এমনিতে মালাইকা অনুরাগী ও ক্যামেরাম্যানদের ছবি তোলার আবদার হাসিমুখেই মেটান। এই অনুরাগী আবার বিশেষভাবে সক্ষম ছিলেন। মালাইকা হাত বাড়িয়ে তাকে ছবি তোলার জন্য ডেকে নেন। সেই ভক্ত পাশে এসে দাঁড়িয়ে কোমরে হাত দেন মালাইকার। অভিনেত্রীর চোখেমুখে অস্বস্তি ফুটে উঠলেও, মুখে হাসি ধরেই রেখেছিলেন।

এরপর দেখা যায় ছবি তোলা হয়ে গেলে, নিজের এক নিরাপত্তারক্ষীর দিকে হাত দিয়ে ইশারা করেন। আর সেই ব্যক্তি এসে হাত সরিয়ে দেন ওই তরুণের। মালাইকার এই ব্যবহার মন জিতে নিয়েছে নেটপাড়ার। ভিডিও নিমেষে ভাইরাল।

নেটিজেনরা প্রশংসা করেছেন মালাইকারই। একজন লিখেন, ‘এই ছেলেটা হয়তো না বুঝেই করেছে। কাজটা অবশ্যই ভুল। কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধি ছেলেটার সঙ্গে যে তা সত্ত্বেও এত মিষ্টি ব্যবহার করল, তা প্রমাণ করে মালাইকা কতটা ক্লাসি।’ আরেকজন লিখলেন, ‘আর ট্রল করব না মালাইকাকে। ও আমার মন জয় করে নিল।’