দেশ রূপান্তরের সেরা কর্মী হলেন যারা

পাঁচ পেরিয়ে ছয়ে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। এই পথচলায় ব্যাপক সাড়া ফেলেছে ‘বিটুমিন চক্রে বিপিসি চেয়ারম্যানের ভাই’, ‘বিদেশি চারায় সর্বস্বান্ত কৃষক’, ‘হেসেখেলে হাওয়া ৩২২ কোটি’, ‘১৩ পরিবারের দখলে সেন্টমার্টিন’, ‘১৪৪ এজলাসের ভার’-এর মতো প্রতিবেদনগুলো। এছাড়াও স্মরণীয় সব আলোকচিত্র প্রকাশ; অনলাইন ও ডিজিটাল মাধ্যমে দ্রুত খবর প্রকাশ করে পাঠকের আস্থা অর্জনের ধারাবাহিক প্রক্রিয়া তো রয়েছেই।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এবার সার্বিক বিবেচনায় সেরা ছয় কর্মী বাছাই করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ঢাকা অফিসের সেরা তিন কর্মী নির্বাচিত হয়েছে যথাক্রমে সম্পাদকীয় বিভাগের সাঈদ জুবেরী, স্পেশাল করেসপন্ডেন্ট পাভেল হায়দার চৌধুরী ও আলোকচিত্রী মহুবার রহমান।

ঢাকার বাইরে সেরা কর্মী নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বিভাগের ভূঁইয়া নজরুল, দিনাজপুর জেলার কুরবান আলী ও পার্বতীপুর উপজেলার সোহেল সানী। তাদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুভ সূচনা করেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান ও পত্রিকাটির প্রকাশক মাহির আলী খাঁন রাতুল এবং ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল।

এ সময় রুপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, বার্তা সম্পাদক শাহ আলম বাবুল, জেনারেল ম্যানেজার মো. হারুনের রশীদ, প্রধান প্রতিবেদক আশরাফুল হক, বিশেষ প্রতিনিধি উম্মুল ওয়ারা সুইটি, সরোয়ার আলম, শরীফুল আলম সুমন, মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।