স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আ.লীগের পদ থেকে অব্যাহতি

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন। ওই পদে জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুলকে দায়িত্ব দিয়েছেন তিনি।

আজ বুধবার (২০ ডিসেম্বর) রাতে দলীয় কার্যালয়ে রেলপথ মন্ত্রী এই ঘোষণা দেন। এ সময় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান ভুঈয়া মুক্তাসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রী পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

মন্ত্রী বলেন, ‘যেহেতু দলের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাই তার পক্ষে এই মুহুর্তে দলের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমন অবস্থায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আবু সারোয়ার বকুল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।’

দায়িত্ব পেয়েই আবু সারোয়ার বকুল বলেন, ‘আমি সততা নিষ্ঠার সাথে নেতাকর্মীদের সাথে নিয়ে গঠনতন্ত্র মেনে দায়িত্ব পালন করব। আমি খুবই আনন্দিত। নির্বাচনকালীন দলের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।’

এ ব্যাপারে আনোয়ার সাদাত সম্রাট বলেন, ‘তিনি এমন সিদ্ধান্ত দিতে পারেন না। এটা একটা মনগড়া সিদ্ধান্ত। দলীয় গঠনতন্ত্রে এমন ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। এমন সিদ্ধান্ত হলে সারা দেশের জন্য হবে, শুধু পঞ্চগড়ের জন্য কেন? দলীয় নেতাকর্মীদের বিভক্ত ও বিভ্রান্তিতে ফেলতেই এমন সিদ্ধান্ত দিয়েছেন তিনি।’

আনোয়ার সাদাত সম্রাট দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসনে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন।