নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‘এ ভোট শুধু আমরা ভালো বললেই হবে না। বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। তাদেরও বলতে হবে ভালো ভোট হয়েছে। ভোট ভালো না হলে ভবিষ্যৎও খুব একটা ভালো হবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (২০ ডিসেম্বর) ফেনীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আনিছুর রহমান বলেন, ‘আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দেব। ভালো ভোট না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে, অপেক্ষা করুন। এবারের ভোটে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসবেন। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন তারা আসলেই আমরা ভিসা দিয়ে দেব। কোনো সন্দেহ নেই যে, ভোট নিরপেক্ষ হবে।’