আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে অর্পিত যেকোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে পালনের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। নির্বাচনকেন্দ্রিক যেকোনো দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি বিজিবির সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ দরবারে সব পর্যায়ের বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি ২২৯ বছরে পদার্পণ করেছে। স্বাধীনতার পর দেশ গঠন এবং দেশমাতৃকার সেবায় এই বাহিনীর অবদান অনস্বীকার্য। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো দুর্যোগময় মুহূর্তে জনগণের সেবায় এই বাহিনী এগিয়ে এসেছে, মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। বিভিন্ন সময় বাংলাদেশের স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বিজিবি আজ দেশবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক। এ ছাড়া তিনি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বিজিবির প্রতিটি সদস্যকে সুশৃঙ্খল ও স্মার্ট সৈনিক হিসেবে কাজ করার আহ্বানও জানান।
বিজিবি দিবস উপলক্ষে সদর দপ্তরসহ সারা দেশে বিজিবির বিভিন্ন স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা করা হয়। এ ছাড়া দিবসটি উদযাপনের অংশ হিসেবে যশোরের বেনাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরসংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ জমকালো ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ প্যারেড অনুষ্ঠিত হয়।