মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় জড়িতদের সন্ধান মিলেছে

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবি-প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, যেকোনো ঘটনার পরে ডিবি সব সময় ছায়াতদন্ত করে। রেলে নাশকতার কারণে শিশুসহ চারটি প্রাণ যায়। যারা এ কাজটি করেছে তারা ২৮ তারিখের পর থেকেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্যই করেছে। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় তারা বাসে আগুন লাগাচ্ছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। নতুন করে তারা এখন ট্রেনে আগুন লাগাচ্ছে।

হারুন অর রশীদ বলেন, যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে তারা ছাড় পাবে না। ডিবি পুলিশ কাজ করছে। অনেকের নাম পেয়েছি, আশা করছি তাদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। ভাড়াটে হিসেবে হোক আর টাকার লোভেই হোক- কাজটি মোটেও ঠিক নয়।

সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে ডিবি-প্রধান বলেন, যারা নাশকতা করতে চায় তাদের নাম-নম্বর দিয়ে আমাদের জানান, তাদের অবশ্যই আইনের আওতায় আনব।

'সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে' জানিয়ে তিনি বলেন, ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে। গ্রেপ্তার করে জানানো হবে।

এর আগে, ১৯ ডিসেম্বর ভোর ৪টা ৫৫ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই আগুনে পুড়ে মারা যায় চারজন। নিহতদের মধ্যে এক মা ও তার শিশুসন্তান ছিল।