রাজধানীতে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পুলিশের মাথায় বাড়ি

রাজধানীর কামরাঙ্গীরচরে অজ্ঞাত ব্যক্তির লাঠির আঘাতে এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। মতিউর রহমান খান (৫০) নামে ওই পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথায় ৮টি সেলাই করা হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা সোয়া একটার দিকে কামরাঙ্গীরচর সেকশন বেরিবাঁধ চৌরাস্তার ঢালে ডিউটিরত অবস্থায় এই ঘটনা ঘটে।

লালবাগ ট্রাফিক জোনের সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, দুপুরে বেরিবাঁধ এলাকায় ডিউটিরত ছিলেন তারা। বেরিবাধের ঢালে এক দোকানদারের কাছ থেকে পান কিনে খাচ্ছিলেন মতিউর। এমন সময় পিছন থেকে কেউ একজন এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে তার মাথায় বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে মতিউর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় ৮টি সেলাই করেন চিকিৎসকরা। এরপর তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, কে তাকে পিছন থেকে আঘাত করেছে তা মতিউর নিজেও দেখতে পারেননি। তার সাথে আজ কারো কোনো ধরনের তর্কাতর্কিও হয়নি। ঘটনাস্থলেই সেই স্ট্যাম্পটি রেখে পালিয়ে গেছে ঘাতক। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।