রাজধানীতে ডে-কেয়ারে শিশুমৃত্যুর ঘটনায় মামলা

রাজধানীর আজিমপুরে ডে-কেয়ার সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় মামলা করেছে পরিবার। আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে শিশুটির বাবা হাকিবুল হাসান বাদি হয়ে লালবাগ থানায় মামলাটি দায়ের করেন। আজিমপুর মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারের ছয়জনকে অভিযুক্ত করা হয়। এর আগে গতকাল বুধবার ১১ মাসের শিশু উম্মে আলিফার মৃত্যুর ঘটনা ঘটে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় আজ একটি মামলা করেছে। ওই শিশুর বাবা বাদি হয়ে অবহেলাজনিত মৃত্যুর ধারায় মামলাটি করেছেন। আসামিদের আটকে আমাদের কার্যক্রম চলেছে। 

এ মামলায় আসামিরা হলেন, আজিমপুর মধ্যবিত্ত ডে কেয়ার সেন্টারের অফিসার ইনচার্জ রেজিনা ওয়ালি (৫৯), সেন্টারের দায়িত্বরত সহকারী শিক্ষক মোসা. কামরুন নাহার ওরফে মিমি (৪০), আয়া মো. আনিছ ফকির (৪৬), রাধুনি মো. আনিছ ফকির (৪৬), গার্ড মো. কমল হোসেন (৩২) ও ক্লিনার কাজী কামাল হোসেন (৩৫)।

শিশুটির বাবা হাকিবুল হাসান এজাহারে উল্লেখ বলেন, ডে কেয়ারের দায়িত্বরতদের কাছে আমার কন্যা সন্তানের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে, তাহারা আমাকে জানায়, আজিমপুর মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারে বাথরুমের থাকা পানি ভর্তি বালতির ভেতরে উপুড় হয়ে পড়ে গেলে সেখান থেকে বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ কথা বলে একপর্যায়ে উপরোক্ত আসামিরা আমাকে কোনো রকম সহযোগিতা না করে হাসপাতাল থেকে পালিয়ে যায়। তখন লালবাগ থানার পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। পুলিশ আমার মৃত শিশু কন্যার সুরতহাল রিপোর্ট তৈরি করে। 

আমি আমার মৃত কন্যার কপালের উপর মাথার বামপাশে ছোট রক্ত জমাট বাধা লালচে দাগ, বাম চোখের পাতার উপরে লালচে দাগ এবং দাঁতের উপরের পাটির সামনের মাড়িতে লালচে ক্ষত দাগ দেখতে পাই। আজিমপুর মধ্যবিত্ত ডে কেয়ার সেন্টারে দায়িত্বরত ব্যক্তিদের খামখেয়ালি, সঠিকভাবে দেখাশুনা না করে অযত্ন ও অবহেলার কারণে আমার শিশু কন্যা হামাগুড়ি দিয়ে আজিমপুর মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারের বাথরুমের ভেতরে চলে যায়। সেখানে থাকা পানি ভর্তি বালতির ভেতরে উপুড় হয়ে পড়ে গিয়ে মৃত্যু ঘটে।

শিশুটির বাবা হাকিবুল হাসান বলেন, আমি এবং আমার স্ত্রী দুজনই চাকরিজীবী। আমার দুটি সন্তান রয়েছে। ছেলে সন্তান আল আরাবি (২) এবং কন্যা সন্তান উম্মে আলিফা (১১ মাস)। আমরা স্বামী-স্ত্রী উভয়ই চাকরি করার কারণে বাচ্চাদের দেখাশুনা করার জন্য ছেলে সন্তানকে পাঁচ মাস আগে এবং কন্যা সন্তানকে ২ মাস আগে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন আজিমপুর মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারে রাখি।