১০ মার্কিন বন্দির বিনিময়ে সহযোগীকে ফেরত পেলেন মাদুরো  

বৈরিতা কমিয়ে আনার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ফের বন্দি বিনিময় করেছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। ১০ জন মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে কারাকাস। বিপরীতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ এক সহযোগীকে মুক্তি দিয়েছে ওয়াশিংটন।

গতকাল বুধবার (২০ ডিসেম্বর) বন্দী বিনিময় চুক্তির আওতায় দুই দেশ একে অপরের বন্দিদের মুক্তি দেয়।

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা মাদুরোর একসময়ের ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাব। তাঁর বিরুদ্ধে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

বিশ্লেষকদের অনেকের মতে, অ্যালেক্সকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য বেশ কঠিন ছিল।  

অন্যদিকে ভেনেজুয়েলা যে ১০ মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছেন, তাঁদের মধ্যে লিওনার্দ ফ্রান্সিস রয়েছেন। মার্কিন নৌবাহিনীর দুর্নীতিতে তাঁর নাম রয়েছে। এদিন ভেনেজুয়েলা আরও ২০ জন রাজনৈতিক বন্দিকেও কারামুক্ত করেছে।

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনকে ভেনেজুয়েলার বামপন্থী সরকারের ওপর চাপ কমানোর কৌশল নিতে দেখা গেছে। এমনকি দীর্ঘদিনের জ্বালানি নিষেধাজ্ঞা গত অক্টোবরে শিথিল করে যুক্তরাষ্ট্র। এছাড়া গত বছর অক্টোবরে ৭ মার্কিন বন্দির বিনিময়ে মাদুরোর স্ত্রীর দুই ভাগনেকে মুক্তি দিয়েছিল ওয়াশিংটন।