নৌকার শাহজাহান ওমরের সঙ্গে আ.লীগের সভা

৪৫ বছর বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর-উত্তমের সঙ্গে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের প্রথম সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর ফাজিল মাদ্রাসায় এই সভা হয়।  গত ২৯ নভেম্বর শাহজাহান ওমর আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে এলেও তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কোনো বৈঠক হয়নি।

সভায় শাহজাহান ওমর বীর-উত্তম বলেন, ‘আমি আপনাদের দলের কনিষ্ঠ সদস্য। আমি ও আমার সঙ্গে আসা সব কর্মীকে আপনাদের একটা ছোট রুমের এককোণে জায়গা দেবেন। আপনাদের সঙ্গে মিলিত হয়ে দলকে আরও সমৃদ্ধ করতে চাই। নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলে, ভালো খেলোয়াড় না থাকলে, উভয় পক্ষে মিছিল-মিটিং না থাকলে মজা নেই। এই নির্বাচন শেষ না, আমি প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনাকে যতটুকু দেখেছি তিনি আরও দুবার দেশের প্রধানমন্ত্রী হবেন সেই মনের জোর, সেই সাহস তার মধ্যে আমি লক্ষ করেছি।’

এ সময় সভায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, সিনিয়র সহসভাপতি আফরোজা আক্তার লাইজু, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ বাবু, সাধারণ সম্পাদক ফয়সাল মৃধা, ছয় ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দিন বিকেল ৩টায় শাহজাহান ওমরের বাসভবনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, নুরুল ইসলাম ফলিফাসহ সব মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার রাত ১০টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমুর উদ্যোগে বরিশাল-বগুড়া রোডের আমুর বাসভবনে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে শাহজাহান ওমরের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন এবং কুশলবিনিময় করিয়ে বৈরিতার অবসান ঘটিয়ে নির্বাচনে ঝালকাঠি-১-এ শাহজাহান ওমরের নৌকা প্রতীকের নির্বাচন করার আহ্বান জানান।