শেখ হাসিনার জনসভা মঞ্চে সাদিককে না বিরোধীদের

বরিশালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভা মঞ্চে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উপস্থিত থাকা নিয়ে জেলা আওয়ামী লীগে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিকের বিরোধীরা চান তিনি যেন জনসভা মঞ্চে না থাকেন। একই সঙ্গে সভাপতি এ কে এম জাহাঙ্গীরের উপস্থিত থাকা নিয়ে আপত্তি আছে সাদিকবিরোধীদের।

আগামী ২৯ ডিসেম্বর শেখ হাসিনা বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেবেন।

জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং অতীতে জনসভায় নির্বাচন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় যথাক্রমে সাদিক ও জাহাঙ্গীরের বিরুদ্ধে এই আপত্তি উঠেছে।

গত বুধবার বরিশাল সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতা গতকাল বৃহস্পতিবার বিষয়টি স্বীকার করেছেন।

ওই সভায় উপস্থিত থাকা একাধিক নেতা জানিয়েছেন, সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করেছেন।

সাদিক আবদুল্লাহ দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা সাদিকের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা এবং সম্পদের হিসাব গোপন করার অভিযোগে নির্বাচন কমিশন সাদিকের মনোনয়ন বাতিল করে। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন তিনি। সেই আপিলের শুনানি ২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

গত ২৯ নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে জাহাঙ্গীর বলেছিলেন, ‘প্রশাসন ব্যবহার করে ভোটের বাক্স ভরার সুযোগ দেওয়া হবে না।’ তার এই বক্তব্যে খোদ আওয়ামী লীগেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।