নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ ১১ জনকে শোকজ করেছে ওই আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটি। গত বুধবার নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম আলাদা আলাদাভাবে এ শোকজ নোটিস দেন।
নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে ইস্যু করা শোকজে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর তিনি শতাধিক মোটরসাইকেলসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন, যা যান চলাচলে বিঘ্ন ঘটায়। প্রার্থীর এ আচরণ সংসদ নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। তাকে ২৪ ডিসেম্বর বেলা ১২টায় নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ, সোনারগাঁ আদালতে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অপরদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্বাচন সমন্বয়কারী হাফেজ মাহমুদুল আনোয়ার সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারমান, উপজেলা ভাইস চেয়ারমান ও ৮ জন ইউনিয়ন পরিষদ চেয়ারমানের বিরুদ্ধে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়েছে, উল্লিখিত জনপ্রতিনিধিরা নিজেদের পদবি ব্যবহার করে ও সরকারি গাড়ি ব্যবহার করে সরকারি অর্থে জ্বালানি ব্যবহার করে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণার কাজ করছেন। বিষয়টি আমলে নিয়ে সবাইকে ২৪ ডিসেম্বর বেলা ১১টায় সোনারগাঁ আদালতে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহার করিনি। আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ করা হয়েছে।