মেট্রোরেলের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ

 মেট্রোরেলে হামলার কোনো তথ্য বা আশঙ্কা না থাকলেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মহিদ উদ্দিন বলেন, ‘নাশকতাকারীরা জানান দিয়ে কোনো অপরাধ করে না। সেজন্যই আমাদের নিরাপত্তা ব্যবস্থা। তবে হামলার কোনো তথ্য বা আশঙ্কা নেই। আমরা প্রতিটি স্থানে প্রতিদিন নিরাপত্তা বাড়াচ্ছি। শুধু মেট্রোরেল না। রেলস্টেশন, বাসস্টেশন, রাস্তাসহ প্রতিটি স্থানেই আমাদের চেষ্টা থাকে কীভাবে নিরাপত্তাকে সর্বোচ্চ করা যায়।’ মহিদ উদ্দিন আরও বলেন, মেট্রোরেল পুলিশের অর্গানোগ্রাম তৈরি করা হয়েছে। সেখানে এখন একজন ডিআইজি ও তার জনবল রয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর প্রয়োজনীয় বাড়তি জনবল দিয়েছে। কিন্তু শুরু থেকে এর নিরাপত্তার দায়িত্বে ছিল ডিএমপি। আজকেও ১৩২ জন ডিএমপির পুলিশ সদস্য মেট্রোরেল পুলিশের সঙ্গে মিলে দায়িত্ব পালন করেছে