টানা দুই ম্যা হেরে ইতোমধ্যেই সিরিজও হেরেছে বাংলাদেশ। সফরে এখনো জয় বঞ্চিত থাকলেও কেউ কেউ ব্যক্তিগতভাবে দারুণ খেলেছেন। সৌম্য সরকার-রিশাদ হোসেনরা দলকে জেতাতে না পারলেও নিজেদের জায়গা থেকে চেষ্টা করছেন। তাদের অবদান স্বীকার করে প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে প্রত্যাবর্তনের গল্প লিখেছেন সৌম্য। নিজের ক্যারিয়ার সেরা তো বটেই এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যেও ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা গত ম্যাচে খেলেছেন এই বাঁহাতি ওপেনার, ১৬৯ রানের। একই ম্যাচে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। বল হাতে খুব বেশি কিছু করতে না পারলেও শুরুটা ভালোই হয়েছে এই লেগ স্পিনারের।
নেপিয়ারে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, 'পরের ম্যাচটা জেতার জন্যই খেলব আমরা। শুরুতে একটা লক্ষ্য সেট করে এসেছিলাম কিন্তু হয়নি। হ্যাঁ, প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে আমরা কিছুটা দুর্ভাগা ছিলাম আমার কাছে মনে হয়। দ্বিতীয় ম্যাচে সৌম্য দারুণ একটা ইনিংস খেলেছে। রিশাদ ভালো বোলিং করেছে। এখানেও পজিটিভ অনেক কিছু ছিল।'
বাংলাদেশ অধিনায়ক আরো যোগ করেন, 'শুধু নেগেটিভ জিনিসটা চিন্তা না করে এ বছর আমরা কোন কোন জায়গায় ভালো করলাম এ জিনিসটাও দেখার দরকার আছে। রিশাদের বোলিংটা দারুণ ছিল, সৌম্যের ক্যামব্যাকটা অসাধারণ ছিল। উন্নতি হয়েছে, আমার মনে হয় আমরা দল হিসেবে যদি আরেকটু উন্নতি করতে পারি তাহলে ম্যাচ জেতা সম্ভব।'
সিরিজের শেষ ওয়ানডেতেও জয়ের সুযোগ দেখছেন শান্ত, 'আমি প্রতিটা ম্যাচ একটা সুযোগ হিসেবে দেখি। সুতরাং আরেকটি সুযোগ আগামীকালকে। আমি এখনো বিশ্বাস করি যে অতীতে যেটা হয়েছে এবার সেই জিনিসটা হবে না। আমার এখনো ঐই বিশ্বাসটা আছে যে আমরা এখনো এই টিমকে হারাতে পারি। ওই যোগ্যতা আমাদের আছে। আমরা যদি দল হিসেবে পারফর্ম করতে পারি, ছোট ছোট যেসব ভুল আছে শেষ দুই ম্যাচে সেগুলো থেকে ফিরতে পারি তাহলে ম্যাচ জিততে পারব।'