আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনের দুটিতে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীককে হারাতে ও একটি আসনে জেতাতে মরিয়া হয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।
এবার ফেনী-১ ও ২ আসনে জাপার লাঙ্গল প্রতীকের প্রার্থীকে হারিয়ে জিততে হবে আওয়ামী লীগ প্রার্থীকে। অন্যদিকে আসন বণ্টনে ছাড় দেওয়ায় ফেনী-৩ আসনে জাপা প্রার্থীর সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন আওয়ামী লীগ প্রার্থী। ফলে ওই আসনে লাঙ্গল প্রতীকের জয়ের জন্য মাঠে নামতে হচ্ছে আওয়ামী লীগকে।
এ আসনে জাপা নেতা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহ্। তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য। রহিম উল্যাহ্ এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি।
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘ফেনী-১ ও ২ আসনে আমরা জয়ের জন্য ভোটযুদ্ধে নেমেছি। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই শক্তিশালী। কাউকে খাটো করে দেখার উপায় নেই। অতীতে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড, আচার-আচরণ বিবেচনা করে ভোটাররা নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করবে বলে আমরা আশাবাদী।’
ফেনী-৩ আসন সর্ম্পকে তিনি বলেন, ‘ফেনী-৩ আসনে নৌকা প্রতীক নেই। সেখানে জাপা প্রার্থীকে ছাড় দেওয়া হয়েছে। তবে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে জয়ী করতে কেন্দ্রীয় হাইকমান্ড থেকে কোনো নির্দেশনা নেই। তবে সমর্থন রয়েছে।’
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নৌকা প্রতীকে জয়ের জন্য লড়ছেন জাপা প্রার্থী শাহরিয়ার ইকবাল পাটোয়ারীর সঙ্গে। এছাড়াও এ আসনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের মো. শাহজাহান সাজু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ছড়ি প্রতীকের মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোমবাতি প্রতীকের কাজী মো. নুরুল আলম, স্বতন্ত্রের ঈগল প্রতীকের আবুল হাশেম চৌধুরীর নৌকা প্রতীকের সঙ্গে লড়ছেন।
গত ১১টি সংসদ নির্বাচনে আসনটিতে জাপা প্রার্থী নির্বাচিত হয়েছিলেন দুবার। এবারও আসনটিতে জয়ের আশায় ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার এবংআওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
একইভাবে ফেনী-২ (সদর) আসনে নিজাম উদ্দিন হাজারীকে লড়তে হচ্ছে জাপার লাঙ্গল প্রতীকের খোন্দকার নজরুল ইসলামের সঙ্গে। আসনটিতে বিগত ১১টি সংসদ নির্বাচনে জাপা একবারও জয়ের স্বাদ পায়নি। তারপরও এবারের প্রেক্ষাপটে নৌকাকে লাঙ্গলের সঙ্গেই লড়তে হবে। তাই আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী লাঙ্গলকে হারিয়ে জয় ছিনিয়ে নিতে নৌকা প্রতীকে ভোট চাইছেন।
এ ছাড়া তৃণমূল বিএনপির আমজাদ হোসেন সবুজের সোনালী আঁশ প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. নুরুল ইসলাম ভূঁইয়ার ছড়ি প্রতীক, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মাওলানা নুরুল ইসলামের মোমবাতি প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ডাব প্রতীক, খেলাফত আন্দোলনের আবুল হোসেন বটগাছ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম ঈগল প্রতীকের সঙ্গে লড়বেন নিজাম উদ্দিন হাজারী।
এদিকে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভুঞা) আসনের চিত্র পুরোই উল্টো। আসনটি কেন্দ্রীয় যুবলীগ নেতা আবুল বশরের পরিবর্তে জাপা প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। ফলে আসনটিতে দলীয় মনোনয়ন নিয়ে মাঠে নামার পরও আবুল বশরকে রবিবার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহার করতে হয়েছে। তার মনোনয়নপত্র প্রত্যাহারের পর আসনটিতে আর থাকছে না নৌকা প্রতীক।
গতকাল বৃহস্পতিবার সোনাগাজী ও দাগনভুঞা উপজেলায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে যৌথ মতবিনিময় সভা করেন নিজাম উদ্দিন হাজারী। তিনি ৭ জানুয়ারি ফেনী-৩ আসনে দলমত-নির্বিশেষে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে লাঙ্গলে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ক্ষমতায় আসলে এ দেশের মানুষের জীবনে আবার দুর্ভোগ নেমে আসবে।