চেক প্রজাতন্ত্রের চার্লস ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুকধারীর হামলার ঘটনার প্রেক্ষিতে নারী চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ স্থগিত করা হয়েছে। গতকাল রাতে দেশটির রাজধানী প্রাগের ফরচুনা অ্যারেনায় ‘বি’ গ্রুপের ম্যাচে স্লাভিয়া প্রাহা ও সেইন্ট পলেনের মুখোমুখি হওয়ার কথা ছিল।
তার আগে ওই হামলায় এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৪ জন নিহত হন। আরও অন্তত ২৫ জন আহত হন। দুপুর তিনটার দিকে ঘটা এ হামলার রেশে রাতের ম্যাচটি স্থগিত করে স্বাগতিক প্লাহা।
বিবিসির তরফে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, গুলির শব্দের মধ্যে কয়েক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ওপরের তলা থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছেন। দেশটির পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে ‘নির্মূল’ করা হয়েছে।
নির্মম এ ঘটনায় শনিবার শোক দিবস ঘোষণা করেছে চেক প্রজাতন্ত্র সরকার। স্থগিত করা ম্যাচটি আগামী ১৮ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে উয়েফা কর্তৃপক্ষ।