আইপিএলে এবার ভিত্তিমূল্যের দুই কোটি রুপিতে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে ধোনির চেন্নাই সুপার কিংস। আদর করে তাকে নামও দিয়েছে- ‘মুজ আর্ট অফ মাদ্রাজ’। প্রতিদানে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে চেন্নাইয়ের পেজগুলোতে নিজেদের উপস্থিতি জানান প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এবার সিএসকে পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খোদ মোস্তাফিজ একটি বার্তা দিয়েছেন।
চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের বক্তব্য রিল ভিডিও হিসেবে পোস্ট করেছে। যেখানে টাইগার পেসারকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান, সিএসকে পরিবারে আমাকে সদস্য বানানোর জন্য ধন্যবাদ। আমি অনেক এক্সাইটেড সিএসকে পরিবারের সদস্য হতে পেরে। দেখা হবে শিগগিরই।’
এর আগে ২০১৬ আইপিএল আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেকের বছরে সেরা উঠতি খেলোয়াড় হওয়ার পাশাপাশি শিরোপা জিতেছিলেন মোস্তাফিজ। সেখান থেকে মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস হয়ে এ আসরে চেন্নাই সুপার কিংসের অংশ হলেন তিনি।