গাইবান্ধায় সংসদীয় আসন পাঁচটি। এর মধ্যে গাইবান্ধা-১ ও ২ আসন জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। আসন দুটির মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর পোস্টারে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লেখা হয়। তার প্রতীক লাঙ্গল। তবে গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী আবদুর রশিদ সরকারের প্রতীকও লাঙ্গল। কিন্তু তার পোস্টারে লেখা হয়েছে ‘মহাজোটের মনোনীত’ প্রার্থী। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানতে চাইলে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ম-ল বলেন, দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টির সঙ্গে আসন নিয়ে আওয়ামী লীগের সমন্বয় হয়েছে। কিন্তু মহাজোট হয়নি।
এসব বিষয়ে আবদুর রশিদ বলেন, ‘আমি তো জোটের প্রার্থী। জোটের কারণেই আমরা মহাজোটের প্রার্থী। তাই পোস্টারে ‘মহাজোট মনোনীত’ প্রার্থী লেখা হয়েছে।’
এ আসনে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।