বিএনপি অপেক্ষায় অপেক্ষায় কিয়ামত পর্যন্ত যেতে থাকবে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীরউত্তম)। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কাঠালিয়া পাইলট বালিকা বিদ্যালয় মাঠে গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পথ সভায় তিনি বলেন, বিএনপি ছেড়ে আমি আওয়ামী লীগে এসেছি কারণ হচ্ছে আমি স্বাধীনচেতা মানুষ। ব্যাঙের মূত্রে আছাড় খাওয়া লোক আমরা না। বাঘের গর্জন শোনা যায় কিন্তু শিয়ালের হুয়াক্কা হুয়া বড় বিচ্ছিরি রকম লাগে। আমি লক্ষ করেছি যদি কোনো দল নির্বাচনে না যায় সেই দল আস্তে আস্তে নির্র্জীব হয়ে যায়। দল করে মানুষ নির্বাচন করার জন্য। সব নির্বাচনে দল জিতবে এমন কথা নেই। সংসদে প্রতিনিধি থাকলেই গণতান্ত্রিক ব্যবস্থা পরিপূর্ণ হয়।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনিরসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।