হাজীগঞ্জে ট্রেনে নাশকতাচেষ্টা, আটক ১

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে নাশকতাচেষ্টার অভিযোগে একজনকে আটক করে আনসার সদস্যরা। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে হাজীগঞ্জ রেলস্টেশন থেকে তাকে আটক ও পরে তাকে চাঁদপুর রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক মোজাম্মেল হোসেন (৫৫) হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে।

জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল বলেন, মোজাম্মেল নামের মধ্য বয়সের লোকটির পকেটে বেশ কিছু রেললাইনের পাথর, লাইট, গ্যাসলাইট পাওয়া গেছে। তিনি ২৬টি স্থানে রেললাইলের ওপরে বড় সাইজের পাথর রেখে পালাচ্ছিলেন। তখন তাকে হাতানাতে আটক করা হয়।

উজ্জ্বল কুমার পাল আরও বলেন, হাজীগঞ্জ ব্রিজের কাছে রেললাইনের ওপরে একটি গাছ ফেলা অবস্থায় পাওয়া গেছে। গাছটি অপসারণ করা হয়েছে। তবে কে বা কারা গাছটি ফেলেছে তা এখনও জানা যায়নি। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। রেলপথের প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।