ইমরান খানের দলকে বড় ধাক্কা দিল পাকিস্তানের নির্বাচন কমিশন   

ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্যানেলের বরাত দিয়ে শুক্রবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানায় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন।

শুধু তা-ই নয়, আগামী নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীরা দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতে পারবেন না বলেও জানিয়েছে ইসিপি।

প্রসঙ্গত, পেশোয়ার হাইকোর্ট (পিএইচসি) নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাকে ‘আইন অনুসারে’ পিটিআইয়ের আন্তঃদলীয় নির্বাচন এবং নির্বাচনী প্রতীক সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়ার একদিন পরই এ রায় ঘোষণা করা করলো নির্বাচন কমিশন।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ইসিপির এ সিদ্ধান্ত পিটিআইয়ের জন্য বেশ বড় ধাক্কা।

উল্লেখ্য, পাকিস্তানের সংবিধান অনুসারে তোশাখানা দুর্নীতি মামলায় ইসলামাবাদ সেশন জজ আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় দলের চেয়ারম্যানের পদে থাকতে পারবেন না ইমরান খান। এই পরিস্থিতিতে গত ২৯ নভেম্বর দলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ইমরান খান এবং দলের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন তার প্রধান আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে। গত ২ ডিসেম্বর পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে এক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে পিটিআই।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিটিআইয়ের নতুন কমিটি গঠন হওয়ার পর থেকে সেটি বাতিলের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের কাছে পিটিশন জমা দেওয়া শুরু করেন দলটির বিভিন্ন আঞ্চলিক শাখার নেতা-কর্মীরা। বেশ কয়েকটি পিটিশন জমা পড়ার পর গত সোমবার থেকে এ বিষয়ক শুনানি শুরু করে ইসিপির ৫ সদস্যের প্যানেল। শুক্রবার তাদের রায় জানানো হয়। পিটিআইয়ের নতুন কমিটিকে এখনও স্বীকৃতি দেয়নি ইসিপি। নির্বাচন কমিশনের নথিতে এখনও পিটিআইয়ের চেয়ারম্যান হিসেবে ইমরান খানের নাম লিখিত রয়েছে।