টাইমড আউটের ভয়ে প্যাড ছাড়াই ব্যাটিংয়ে নামলেন রউফ

ইনিংসের শেষ বল। আগের তিন বলে মেলবোর্ন স্টার্স উইকেট হারানোয় শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামতে হলো হারিস রউফ। কিন্তু তিনি যেভাবে মাঠে গেলেন তাতে কিছুটা অবাক হয়েছেন অনেকেই। প্যাডই পরেননি পাকিস্তানের এই পেসার।

বিগ ব্যাশে আজ এই কাণ্ড ঘটে। সিডনি থান্ডারের বিপক্ষে এদিন শেষ ওভারে পরপর তিন বলে মেলবোর্ন স্টার্স উইকেট হারানোয় তাড়াহুড়া করে মাঠে নামতে দেখা গেছে রউফকে। বোধহয় দ্রুত উইকেট হারানোয় নিজেকে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত করার সময় পাননি তিনি।

আবার টাইমড আউট হওয়ার একটা ভয়ও কাজ করতে পারে। বিশ্বকাপে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এভাবে আউট করে ক্রিকেট আঙিনায় তোলপাড় ফেলে দিয়েছিল বাংলাদেশ। এমনকি হেলমেট ও গাল্ভসও হাতে নিয়ে ক্রিজের দিকে যান রউফ।

এভাবে ব্যাটিংয়ে নামার আরেকটি কারণ অবশ্য থাকতে পারে। ইনিংসে শেষ বলে নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন রউফ। ব্যাটিংয়ে প্রয়োজন পড়বে না ভেবেই হয়তো প্যাড ছাড়াই মাঠে নেমে যান তিনি। সেটাই হয়েছে শেষ বলেও উইকেট হারিয়েছে মেলবোর্ন স্টার্স। ড্যানিয়েল স্যামসের করা ওই ওভারে ৪ উইকেট হারিয়ে কেবল ২ রান তুলেছে দলটি। যেখানে একটি উইকেট ছিল রানআউট।

ম্যাচটিতে আগে ব্যাটিং করে ১৭২ রান করে মেলবোর্ন স্টার্স। যা ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় সিডনি থান্ডার।