ভারতের উত্তরাখন্ড রাজ্যের সিল্কিয়ারা সুড়ঙ্গ ধসে আটকে পড়েছিলেন ৪১ শ্রমিক। তাদের উদ্ধারের আসল নায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ১২ জন ‘র্যাট হোল মাইনার’ কয়লা শ্রমিক পুরস্কার পেয়েও অসম্মানিত বোধ করছেন।
সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির দেওয়া ৫০ হাজার রূপির চেক নগদ করতে অস্বীকার করেছেন তারা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই ১২ জন কয়লা শ্রমিক জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর ব্যবহার তাদের ভূমিকার সাথে "সামঞ্জস্যপূর্ণ নয়"।
তারা আরও জানিয়েছেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির দেওয়া ৫০ হাজার রুপির চেক তাঁরা অনিচ্ছা সত্ত্বেও শর্ত সাপেক্ষে গ্রহণ করেছেন। তবে এই চেক তারা ভাঙাবেন না। রাজ্য সরকার বিমাতাসুলভ আচরণ বন্ধ না করলে ওই চেক তাঁরা ফিরিয়ে দেবেন।
গতকাল শুক্রবার উত্তরাখন্ড রাজ্যের রাজধানী দেরাদুনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ধামি উত্তর প্রদেশের ওই ১২ শ্রমিককে পুরস্কৃত করেন ও তাঁদের প্রত্যেকের হাতে ৫০ হাজার রুপির চেক তুলে দেন।
শ্রমিকরা জানান, তাঁরা রাজ্য সরকারের কাছ থেকে স্থায়ী কোন সমাধান আশা করেছিলেন। তাদের স্থায়ী চাকরি বা সুরক্ষিত ভবিষ্যতের জন্য সরকারের কাছে আবেদন জানান তারা।
আটকে পড়া শ্রমিকদের কাছে প্রথম পৌঁছানোর কয়লা শ্রমিক মুন্না বলেন, ‘৫০,০০০ রূপির চেক খুবই নগণ্য। এটা আমাদের মনোবলকে কমিয়ে দেয়। একটি স্থায়ী চাকরি বা থাকার জন্য একটি বাড়ি আরও উপযুক্ত হত।’
সিল্কিয়ারা সুড়ঙ্গধসে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধারের সব প্রচেষ্টা যখন বিফল হয়, যুক্তরাষ্ট্র থেকে আনা যন্ত্র যখন বিকল হয়ে পড়ে, বিশেষজ্ঞ বিদেশি উদ্ধারকর্তারা যখন জানিয়ে দেন আটক শ্রমিকদের উদ্ধার করতে অন্তত এক মাস সময় লাগবে, তখন মুশকিল আসান হিসেবে হাজির হন ওই ১২ শ্রমিক।
কয়লাখনিতে দু–আড়াই ফুট সুড়ঙ্গ কেটে কয়লা বের করার পদ্ধতি আয়ত্ত করা ওই শ্রমিকদের নিযুক্ত করে উদ্ধারকারী দল। ইঁদুরের গর্তের মতো সুড়ঙ্গ কাটার কায়দা রপ্ত করার দরুন তাঁদের ‘র্যাট হোল মাইনার’ নামে ডাকা হয়। কয়লাখনিতে এভাবে সুড়ঙ্গ কেটে কয়লা বের করার পদ্ধতি ভারতে বেআইনি ঘোষণা করা হয়েছে। ওই শ্রমিকদের দক্ষতা অবশ্য অন্যত্র এ ধরনের কাজে ব্যবহার করা হয়।
বিশেষজ্ঞরা যে কাজ এক মাস লাগবে বলেছিলেন, ওই শ্রমিকেরা তা দুই দিনে শেষ করেন। উদ্ধার পান আটক ৪১ শ্রমিক।
তবে এই ১২ কয়লা শ্রমিককে নানাভাবে সম্মানিত হলেও রাজ্য সরকারের দেওয়া পুরস্কারমূল্যে অসম্মানিত বোধ করছেন তারা।