আর্থিক সাক্ষরতা, সচেতনতা বাড়াতে ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’

দেশব্যাপী আর্থিক সচেতনতা ও সাক্ষরতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জেলায় নিয়মিত ‘উঠান বৈঠক’ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংয়ে ৫ বছর পূর্তি উপলক্ষ্যে স্থানীয় হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রাহকদের আঙিনায় এই আর্থিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ব্যাংকটি। 

এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত  ব্র্যাক ব্যাংক গ্রাহক, এজেন্ট, রেমিট্যান্স সুবিধাভোগী, ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ এবং মাঠ পর্যায়ের ব্যাংক কর্মকর্তাদের নিয়ে নিয়মিত আয়োজন করছে ‘উঠান বৈঠক’। ময়মনসিংহ, নেত্রকোনা, শরীয়তপুর, নড়াইল, পাবনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রংপুর, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ এবং ঠাকুরগাঁসহ দেশের বিভিন্ন এলাকায় এই দিকনির্দেশনামূলক উঠান বৈঠকের আয়োজন করেছে।

এসব বৈঠকে ব্যাংকের কর্মকর্তারা অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, এফডিআর (FDR) ও ডিপিএস (DPS)- এর মাধ্যমে সঞ্চয়ের সুবিধা, ঋণপ্রাপ্তির ক্ষেত্রে করণীয়, রেমিট্যান্স গ্রহণের ক্ষেত্রে বৈধ চ্যানেল ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। 
 
ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হলো- এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক ব্যবস্থার আওতায় নিয়ে আসা। আমরা ‘উঠান বৈঠক’- এর মতো অংশগ্রহণমূলক সেশনগুলোর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ব্যাসিক ব্যাংকিং ও আর্থিক সেবার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। এজেন্ট ব্যাংকিং হলো এমন একটি চ্যানেল, যা প্রান্তিক অঞ্চলের মানুষ এবং সমাজের উন্নতি সাধন করে।
 
ব্যাংকের ১,০৪০টি আউটলেটের ৭৯ শতাংশই গ্রামীণ অঞ্চলে অবস্থিত।  গ্রামীণ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এজেন্ট ব্যাংকিং চ্যানেল অপরিহার্য। গত ৫ বছরে ব্র্যাক ব্যাংক কর্তৃক আয়োজিত ‘উঠান বৈঠক’ সেশনে ৪০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন।